খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে জামায়াত নেতার নিজ বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অধ্যাপক এম এম মনিরুল ইসলাম নামে এক জামায়াত নেতা দগ্ধ হয়ে আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে সংঘটিত এ বিস্ফোরণে বাড়ির আসবাবপত্রে আগুন ধরে যায়। বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি অধ্যাপক এম এম মনিরুল ইসলাম ফজরের নামাজ আদায় শেষে বাড়িতে ফেরেন। এ সময় বাড়ির দরজার সামনে একটি পলিথিনের ব্যাগে মুড়ি দেখতে পান। পরে ব্যাগটি ঘরে নিয়ে রাখার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায় এবং মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একই সঙ্গে তাঁরা বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ও তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ বিষয়ে ওসি জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
এদিকে, এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সুধীজন ও সমাজ সংস্কারক সৈয়দ রাশেদুজ্জামান। তিনি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
তবে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এটি পরিকল্পিত নাশকতা কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।বর্তমান ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
