ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় থ্রিলার ওয়েব সিরিজ ‘ফেউ’ এবার সম্পূর্ণ নতুন ও পূর্ণাঙ্গ রূপে ফিরছে। ‘ফেউ কমপ্লিট সাগা’ নামের এই বিশেষ সংস্করণটি আগামী ১১ নভেম্বর রাত ১২টায় (অর্থাৎ ১২ নভেম্বর থেকে) মুক্তি পাবে।
সিরিজটির এই নতুন সংস্করণ প্রচলিত অর্থে কোনো দ্বিতীয় সিজন নয়। মূলত প্রথম সিজনের গল্পের গুরুত্বপূর্ণ কিছু অংশের সঙ্গে নতুন এবং বাকি অপ্রকাশিত কাহিনি যুক্ত করে মোট ৯টি পর্বে এই পূর্ণাঙ্গ সংস্করণটি সাজানো হয়েছে।
ঐতিহাসিক মরিচঝাঁপি গণহত্যার মর্মান্তিক প্রেক্ষাপট ও সুন্দরবনের অজানা জগৎ নিয়ে এর কাল্পনিক গল্পটি আবর্তিত হয়েছে। প্রথম সিজনের শেষে দর্শকদের মনে থাকা নানা রহস্য, যেমন– সুনীলের পরিণতি কিংবা জলদস্যু মার্শালের লড়াইয়ের শেষ অধ্যায়, এই পর্বে এসে মিলবে।
সুকর্ণ শাহেদ ধীমানের পরিচালনায় এই সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, তাহমিনা অথৈ প্রমুখ। এছাড়া খুলনা ও বাগেরহাটের শতাধিক স্থানীয় শিল্পী এতে কাজ করেছেন।
খুলনা, চালনা, সাতক্ষীরা ও বটিয়াঘাটার দুর্গম অঞ্চলে প্রায় এক বছর ধরে সিরিজটির দৃশ্যধারণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
