ঢাকা, ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনের ভোলা নদীতে জব্দ করা কয়লাবোঝাই কার্গোতে জাহাজে আগুন

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১০:১৩ অপরাহ্ন

banglahour


পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা একটি কয়লা বোঝাই কার্গোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন বদ্ধ থাকায় কার্গোর নিচের অংশে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। মোংলা বন্দর থেকে কয়লা পাচার করে নিয়ে যাওয়ার সময়  নৌপথে কয়লা সহ এই কার্গো জাহাজটি  আটক করা হয়।


বুধবার ১১ (নভেম্বর) সকালে কার্গোটি থেকে ধোঁয়া উঠতে দেখেন সেখানে দায়িত্বে থাকা বনরক্ষীরা। তাৎক্ষণিকভাবে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাম্পের সাহায্যে পানি স্প্রে করে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।


ঘটনার বিষয়ে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আফতাব-ই আলম জানান, দীর্ঘদিন ধরে কার্গোটি বদ্ধ অবস্থায় থাকায় এবং ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচল করতে না পারায় নিচের অংশের কয়লায় অতিরিক্ত তাপ উৎপন্ন হয়। এর ফলেই আগুনের সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিল। দ্রুত কয়লা খালাস করা না হলে কার্গোটিতে পুনরায় আগুন লাগার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।


পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, কয়লাবাহী কার্গোটিতে আগুন লাগার এ ঘটনায় নাশকতাসংক্রান্ত কোনো বিষয় নেই। সকাল ১০টার দিকে ধোঁয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় কোনো বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

কার্গোর বর্তমান অবস্থা ও নিরাপত্তার বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, পুনরায় আগুন লাগার কোনো আশঙ্কা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সন্ধ্যা পর্যন্ত জাহাজটি পর্যবেক্ষণে রাখা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে কার্গোটিতে পুনরায় যৌথ পরীক্ষা চালানো হবে।


উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সুন্দরবনের ভোলা নদীতে নিয়মিত টহলের সময় ইন্দোনেশিয়ার প্রায় ২৩০ টন কয়লা বোঝাই এই কার্গোটি জব্দ করা হয়। এ সময় কার্গোতে থাকা ৯ ব্যক্তিকে আটক করে বন বিভাগ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর বর্তমানে তারা বাগেরহাট জেলা কারাগারে বন্দি রয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম