রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরান শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াকান্দি থানার এসআই (নিরস্ত্র) কাঞ্চন মিয়া ও এএসআই (নিরস্ত্র) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোসাই গোবিন্দপুর গ্রামের মোঃ ইমরান শেখের বসতবাড়ির শয়নকক্ষ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ হাজার ৭০০ টাকা।
এ ঘটনায় ইমরান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই গ্রামের মোঃ হাচেন শেখের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
