জনপ্রিয় খল অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের প্রয়াণ দিবস আজ। ২০০৪ সালের আজকের (১৪ নভেম্বর) এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।
১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় জন্মগ্রহণ করেন খল অভিনেতা রাজিব। চলচ্চিত্রে আসার আগে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন।
আশির দশকের শুরুতে 'রাখে আল্লাহ মারে কে' সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে তাঁর। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে চার শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
রাজিব অভিনীত কালজয়ী সিনেমাগুলোর মধ্যে 'দাঙ্গা', 'ভাত দে', 'কেয়ামত থেকে কেয়ামত', 'অন্তরে অন্তরে', 'বিক্ষোভ' এবং 'হাঙর নদী গ্রেনেড' অন্যতম। 'দাঙ্গা' সিনেমায় তার 'আমি মাইন্ড করলাম' সংলাপটি আজও দর্শকদের মুখে মুখে ফেরে।
চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ চারবার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি রাজীব বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের প্রয়াণ দিবসে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
