ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

'রোকযানা' খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আর নেই

বিনোদন | বিনোদন ডেস্ক।

(২১ ঘন্টা আগে) ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১২:২৯ অপরাহ্ন

banglahour

জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই। দেশের সংগীত জগতে তিনি 'রোকযানা' নামে খ্যাত। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

আজ সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

সংগীতশিল্পী শেখ সাহেদ আলী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস নিতেন। গত ২৪ অক্টোবর সোডিয়ামের ঘাটতি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর স্ট্রোক, ডেঙ্গু, হেপাটাইটিস সি-জনিত লিভারের জটিলতা এবং ক্যাথেটার-জনিত ছত্রাক সংক্রমণ দেখা দেয়।

সর্বশেষ শরীরে গুরুতর অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হলে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

নব্বইয়ের দশক থেকে সংগীতাঙ্গনে সক্রিয় শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন। ‘রোকযানা’ গানের আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে তিনি সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামে পরিচিতি পান।

১৯৯১ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় এবং পরবর্তীতে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

দীর্ঘ ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান জি-সিরিজের ব্যানারে প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। ৬ নভেম্বর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে এই প্রকাশনা অনুষ্ঠান এবং ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু তাঁর অসুস্থতার কারণে তা স্থগিত হয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বাদ আসর রাজধানীর গোপীবাগ জামে মসজিদে মরহুম সংগীতশিল্পী শেখ সাহেদ আলীর জানাজা অনুষ্ঠিত হবে এবং গোপীবাগ পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম