ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট সীমান্তে বিজিবির ডগ স্কোয়াডের অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১০ ঘন্টা আগে) ১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ২:৩১ অপরাহ্ন

banglahour

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে উচ্চমানের বিস্ফোরক জেল, ডেটোনেটর ও ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ অপারেশন দল এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের সদস্য ‘ডগ মিকি’-এর সহায়তায় এই সফল অভিযান পরিচালনা করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার (২২০০ ঘটিকা) দিকে সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক বহনকারীরা চা বাগানের ভেতর দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০টি উচ্চমানের বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা ও সিভিল সোর্স নিয়োগ করা হয়েছে।

​সাম্প্রতিক অভিযানের সাফল্য:

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, সীমান্তে ধারাবাহিক বিশেষ অভিযানের মাধ্যমে সাম্প্রতিক সময়ে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর মধ্যে রয়েছে:

  • ​১০টি অবৈধ অস্ত্র ও ৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার।
  • ​৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড জব্দ।
  • ​মাদক ও চোরাচালানের সাথে জড়িত ১৩ জনকে আটক।
  • ​অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টার সময় ১৭ জনকে প্রতিহতকরণ।

​সীমান্তে নিরাপত্তা জোরদার:

সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার (সরাইল) এবং সেক্টর কমান্ডার (সিলেট)-এর নির্দেশনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা ও ফ্লাডলাইট স্থাপনের পাশাপাশি থার্মাল ড্রোন এবং অস্ত্র ও বিস্ফোরক শনাক্তকরণে পারদর্শী ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে।

​বর্তমানে সিলেট সেক্টরের ৫৬টি বিওপিতে ১ হাজার ২০০-এর বেশি বিজিবি সদস্য নিয়োজিত রয়েছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি নিয়মিত টহলের পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া সম্ভাব্য অনুপ্রবেশ রুটগুলোতে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে।

​দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে উল্লেখ করে, সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাফেরা চোখে পড়লে দ্রুত বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম