বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সম্মান, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের রায়ে বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের গৌরব সমুন্নত রাখতে বিএনপি সরকারের নেওয়া পূর্ববর্তী উদ্যোগগুলোর কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী সময়ে ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে তারেক রহমান বলেন, "সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত, তবুও তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনো জ্বলজ্বল করছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পালনে সরকার বদ্ধপরিকর।"
এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে প্রতিবছর সশস্ত্র বাহিনী বিভাগ যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তার জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সম্মিলিত অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পৃথক আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা, কূটনীতিক, মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
