ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ‘ফকির কমিটি’ অমান্য করলে জরিমানা-কারাদণ্ডের ঘোষণা

সারাদেশ | রিপন সারওয়ার। জেলা প্রতিনিধি। ময়মনসিংহ।

(২ ঘন্টা আগে) ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ১০:৪০ অপরাহ্ন

banglahour

 

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময়সীমা নির্ধারণ করে মাইকিং করেছেন স্থানীয় একটি ফকির কমিটি’র সভাপতি। নির্ধারিত সময়ের বাইরে ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় কৌতূহল ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে ফুলপুর বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে ফকির কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন পরিচয় দিয়ে তিনি কমিটির সিদ্ধান্তের কথা জানান।

আগামী ২৪ ডিসেম্বর থেকে ফুলপুর বাজারে নতুন এ নিয়ম কার্যকর করার কথা বলা হয়েছে। এতে বলা হয়, নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিক্ষা করা যাবে। সপ্তাহের ছয় দিন এ সময়সীমা কার্যকর থাকলেও মঙ্গলবার বিকেল পাঁচটার পর ভিক্ষা করার সুযোগ রাখা হয়েছে বলে ঘোষণায় উল্লেখ করা হয়।

মাইকিংয়ে আনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, বিকেল পাঁচটার পর কাউকে ভিক্ষা করতে দেখলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং তিন দিনের কারাদণ্ড দেওয়া হবে। এ সময় তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, আমি ফকির কমিটির সভাপতি আনোয়ার বলছি।

ভিডিওর আরেকটি অংশে আনোয়ার হোসেন জানান, তার বাড়ি শেরপুরের নকলা উপজেলায়। তাদের কর্মএলাকা ময়মনসিংহ থেকে শেরপুর পর্যন্ত বিস্তৃত। কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চান তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ এর বাস্তবতা ও আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন। বিশেষ করে কোনো স্থানীয় কমিটি নিজ উদ্যোগে কাউকে জরিমানা বা কারাদণ্ড দেওয়ার ঘোষণা দিতে পারে কি না, তা নিয়ে আলোচনা হচ্ছে।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, তিনি এ ধরনের কোনো ঘোষণার বিষয়ে অবগত নন।

তবে ফকির কমিটির পক্ষ থেকে ঘোষিত জরিমানা ও কারাদণ্ড কার্যকরের আইনগত এখতিয়ার তাদের রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম