প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ঢাকার ধামরাইয়ে ‘ইকো ফ্লেয়ার লিমিটেড’ নামের একটি জ্বালানি তৈরির কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বৈধ কাগজপত্র জমা দেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষকে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের শাইলবাড়ি এলাকায় অবস্থিত ওই কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শাইলবাড়ি এলাকায় অবস্থিত ইকো ফ্লেয়ার লিমিটেড কারখানাটিতে কাঠ এবং কাঠের গুড়ো থেকে জ্বালানি তৈরি করা হতো। বুধবার বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানা পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন সংশ্লিষ্টরা। পরে পরিবেশ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে ইউএনও মোহাম্মদ আল মামুন কারখানা কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেন। তিনি জানান, নির্ধারিত এই সময়ের মধ্যে বৈধ কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে পুনরায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
