চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শুক উদ্দিন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের কেরেলপাড়া মসজিদসংলগ্ন জনক কামাল ইলেকট্রনিক্স ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানা পুলিশের একটি টহল দল মাদকদ্রব্য উদ্ধার অভিযানে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনের ভেতরে রাখা ৪০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
গ্রেপ্তার মো. শুক উদ্দিন আলীনগর ইউনিয়নের কেরেলপাড়া গ্রামের মৃত মোস্তার হোসেনের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সংশ্লিষ্ট সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
