ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভৈরবের জুনাইদ আহমেদের (২৩) । ২৪ নভেম্বর রাতে ইতালির বারি এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত জুনাইদ ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার রেনু মিয়ার পুত্র। জুনাইদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মামাতো ভাই নিশান মিয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, নিজের স্বপ্ন পূরণের আশায় প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় যান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ ‘ডাঙ্কি’ রুটে ইতালিতে পৌঁছান তিনি। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন কলেজপড়ুয়া এই যুবক।
জানা গেছে, কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ইতালির পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা রেনু মিয়াসহ স্বজনরা তার পুত্র কে শেষ ১ নজর দেখতে পুত্রের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবী জানান।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ বলেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন বলে জানান । তবে নিহতের পরিবার মরদেহ দেশে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
