ঢাকা: ছাত্রলীগ ছাত্রীদের বিভিন্ন অপকর্ম করতে বাধ্য করছে বলে দাবি করেছেন বিএনপির অঙ্গসংগঠন মহিলা দল। দলটির নেতারা বলছেন, আজ শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া নেই। সেখানে ছাত্রলীগ খুন, ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য করছে। নারীদের দাস বানাচ্ছে। তাদের দিয়ে বিভিন্ন অপকর্ম করাচ্ছে। যা কিছুদিন আগে ইডেন কলেজের ছাত্রীরা মিডিয়াতে প্রকাশ করেছে।
সোমবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের নিচ তলায় অনুষ্ঠিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এই অবৈধ সরকার দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তারা ছাত্রদের হাতে লাঠি, বন্দুক, রাম দা তুলে দিয়েছে। ছাত্ররা তাদের মূল্যবোধ ভুলে গিয়ে বিরোধী দলের ওপর হামলা করছে। লুটপাট করছে, ভর্তি বাণিজ্য করছে। নারীদের বিভিন্ন অপকর্ম করাচ্ছে।
এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কুকীর্তিগুলোর কথা শুনেছি তা নজিরবিহীন। আওয়ামী লীগ নেতাদের কাছে প্রশ্ন, ছাত্রলীগকে আপনারা কী বানাচ্ছেন?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
