ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইউক্রেন যুদ্ধের মধ্যেই ঘুষের অভিযোগে রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আটক

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১০:৪০ পূর্বাহ্ন

banglahour

সংগৃহীত ছবি

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে আটক করা হয়েছে। তিনি গত আট বছর ধরে এই পদে ছিলেন। রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা তাকে আটক করেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একজন উপপ্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে ঘুষ নেওয়ার সন্দেহে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা। তদন্ত কমিটি মঙ্গলবার বলেছে, তৈমুর ইভানভকে আটক করা হচ্ছে এবং তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৬ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া ৪৭ বছর বয়সী তৈমুর ইভানভ দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন। মূলত অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে রাশিয়ায় কথিত ব্যাপক মাত্রার দুর্নীতির সমালোচনা করে আসছেন।

২০২২ সালে ‘রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায়’ অংশগ্রহণের জন্য রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে অভিযুক্ত করেছিল দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন (এসিএফ)। এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনি প্রতিষ্ঠা করেছিলেন।

এসিএফ বলছে, বিশেষ করে ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ। এই শহরের বেশিরভাগই ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক মাস চলা রাশিয়ান বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে।

অবশ্য ইভানভের গ্রেফতারের কথা ঘোষণা করা হলেও রাশিয়ার এই উপপ্রতিরক্ষামন্ত্রী তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিক্রিয়া কীভাবে দিয়েছেন তা জানানো হয়নি।

বিবিসি বলছে, রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ২৯০ অনুচ্ছেদের ৬ অংশের অধীনে ইভানভকে আটক করা হয়েছে। এই দণ্ডবিধি তখনই প্রযোজ্য হয় যখন সন্দেহভাজন অভিযুক্তের ঘুষ নেওয়ার পরিমাণ ১০ লাখ রুবল ছাড়িয়ে যায়।

এই ধরনের অপরাধগুলো বড় অংকের জরিমানা এবং ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তিযোগ্য হয়ে থাকে।

তৈমুর ইভানভ পূর্বে মস্কো অঞ্চলের উপপ্রধানমন্ত্রী ছিলেন। আর এখানেই বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সংক্ষিপ্ত সময়ের জন্য গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি শোইগুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানা যায়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, উপপ্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে আটকের বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগেই অবহিত করা হয়েছিল।

 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম