২০১২ সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষক (সদস্য নয়) হিসেবে মর্যাদা পাচ্ছে ফিলিস্তিন। কিন্তু পূর্ণ সদস্য পেতে বারবার সাধারণ পরিষদের ভোটে এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কাছে হেরে যায় দেশটি।
এবারও যথারীতি সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়েছে, ভোট পেয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। যেখানে আশা করা হয়েছিল ১২০-১৩০ টি দেশের সমর্থন পেতে পারে ফিলিস্তিন কিংবা সর্বোচ্চ ১৪০ টি দেশের সমর্থন পেতে পারে, কিন্তু সেই প্রত্যাশাকে ছাড়িয়ে ফিলিস্তিন এবার ১৪৩টি দেশের সমর্থন জয় করে নিয়েছে। কিন্তু এরপরও পূর্ণ সদস্যপদ পাবে কি পাবে না সেই শংকা কাটছে না দেশটির।
জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে হলে এর জন্য আবেদনটি প্রথমে সংস্থাটির ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পাস হতে হয়। এর পর সেটি সাধারণ পরিষদে পাস হয়। এরপর সেটি আবার নিরাপত্তা পরিষদে তোলা হয়। আর ঠিক এইখানটাতে এসেই সদস্যপদ প্রাপ্তি আটকে দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তার ভেটো পাওয়ার ব্যবহার করে এটি করে।
এবরাও আশংকা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে সেটি আবার আটকে যেতে পারে।
শুক্রবার সাধারণ পরিষদে প্রস্তাবের ওপর ভোটাভুটি হলে ১৯৩টি সদস্যদেশের মধ্যেে ১৪৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ ৯টি দেশ। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ।
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ভোটাভুটির আগে সাধারণ পরিষদে বক্তব্য দেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর।
সাধারণ পরিষদে ভোটাভুটির সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ছিলেন আল-জাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল এলিজোন্ডো। তাঁর মতে, প্রস্তাবের পক্ষে বিপুল ভোট পড়ার ঘটনাটা খুবই উল্লেখযোগ্য। তিনি বলেন, ‘যেমনটি আমরা শুনছিলাম, ফিলিস্তিনের পক্ষে ১২০ থেকে ১৩০টির মধ্যে ভোট পড়তে পারে। সর্বোচ্চ তা ১৪০ হতে পারে। তবে ১৪৩টি ভোট পড়াটা একেবারে প্রত্যাশার চেয়ে বেশি।’
ভোটের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, প্রস্তাব পাস হওয়ার মধ্য দিয়ে এটা দেখা গেছে যে বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে। একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারির বিপক্ষে রয়েছে। অপর দিকে এই ভোটের নিন্দা জানিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান। তিনি বলেন, জাতিসংঘ এখন ‘একটি সন্ত্রাসী রাষ্ট্রকে’ স্বাগত জানাচ্ছে।
সাধারণ পরিষদে এই ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পেলেও অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করবে ফিলিস্তিন। যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্য সদস্যদের সঙ্গে আসন পাবে তারা। তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
