ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সুন্দর সমাজের জন্য সুন্দর মানুষের প্রয়োজন। পরকালীন জবাবদিহিতার অনুভূতিই সেই মানুষ তৈরি করতে পারে। এটি নেই বলেই আজ আমাদের দেশ দুর্নীতিতে ডুবে আছে। বড় বড় পদে থাকা ব্যক্তিদের দুর্নীতির মহা-বিবরণ বের হচ্ছে। এজন্য দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আখেরাতমুখী জীবন গঠন করতে হবে।
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন শাহবাগ রমনা জোনের রুকনপ্রার্থী ও অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামাতকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বের জন্য জামায়াতের কর্মীদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য সর্বপ্রথম নিজ পরিবারকে টার্গেট করে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের দৈনন্দিন প্রতিটি কাজ দাওয়াতের উদ্দেশ্যে হতে হবে। ইসলামের সঠিক আহ্বান সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সকল কাজে আখেরাতকে অগ্রাধিকার দিতে হবে। পরকালীন মুক্তির জন্য আমাদের দুনিয়ার জীবনকে সাঁজাতে হবে। নিজ নিজ পরিবারে নামাজের খোঁজ নিতে হবে, কুরআন অধ্যয়নের খবর নিতে হবে, আমাদের হাতের মোবাইল যেন আমার নেকি অর্জনের বস্তুতে পরিণত হয় সেদিকে খেয়াল রাখা দরকার। সর্বাবস্থায় মনে রাখতে হবে, সকল মানুষকেই রঙিন পৃথিবীর সকল মায়া মমতা ত্যাগ করে আখেরাতের পথে চিরদিনের জন্য চলে যেতে হয়।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে। নেতাকর্মীদের উপরে অব্যাহত জুলুম নির্যাতন চালানো হয়েছে। তাদের শাহাদাতের মৃত্যু বৃথা যেতে পারে না। এর বিনিময়ে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে আগামীদিনে জনগণের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী রাষ্ট্রকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আর এভাবেই এই জমিনে মহান আল্লাহ তায়ালা ইসলামের বিজয় দান করবেন। এটাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরাট বিজয়। জামায়াতের কর্মীরা বার বার কারাগারে গিয়েছে আবার জামিনে এসে কারাগারে যাওয়ার প্রস্তুতি নিয়ে ইসলামী আন্দোলনের কাজ করে গেছে। তবুও কোনো অন্যায় জুলুমের কাছে মাথা নত করেনি। আজকের শিক্ষাশিবিরে আগত সকল কর্মীদের কাছে আহ্বান ইকামাতে দ্বীনের বিজয়ে আপনিও অগ্রসর হোন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
