ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছিলেন শামীম ওসমান ও তার সহযোগীরা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৪, রবিবার, ১২:২১ অপরাহ্ন

banglahour

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহযোগীরা। এমন ভিডিও শনিবার (২৪ আগস্ট) ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছাড়েন। আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে একাধিক মামলা হয়েছে। সরকার পতনের পর শামীম ওসমান ও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছেন।

গত ১৯ জুলাই চাষাড়ার বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার ভিডিওতে দেখা যায়, শামীমের বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে একের পর এক গুলি ছুড়ছে। শামীমের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটুকেও গুলি ছুড়তে দেখা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান ও তার বাহিনী অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে শহরের ডিআইটি এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় তার শ্যালক বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু মিছিলের সামনে অবস্থান করে হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে করতে এগিয়ে যাচ্ছেন।

শামীম ওসমানের পেছনে দুটি অস্ত্র হাতে ছিলেন ডিবিসি নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ। আর পেছনের সারিতে পিস্তল হাতে ছিলেন শামীম ওসমানের বেয়াই ফয়েজ উদ্দিন লাভলু ও তার ছেলে মিনহাজুল ইসলাম ভিকি। এ সময় তাদেরও গুলি ছুঁড়তে দেখা যায়।

সন্ত্রাসীদের মতো নির্বিচারে গুলি করা গ্রুপটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়াডের্র কাউন্সিলর আব্দুল করিম বাবু ও তার ছেলে রিয়ানকেও দেখা গেছে। শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুচর ব্যবসায়ী অনুপম কুমার সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুসহ অসংখ্য ব্যক্তির হাতেও অস্ত্র ছিল।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে একাধিক সাংবাদিকও ঘটনাস্থলে ছিলেন। ভীতিকর ওই পরিস্থিতিতে সাংবাদিকদের পক্ষে ছবি ও ভিডিও চিত্র ধারণের কোনো সুযোগ ছিল না বলে জানান সাংবাদিকরা।

এলাকার লোকজন বলছেন, ওই ভিডিওতে যেসব অস্ত্র দেখা গেছে তা আগে কখনোই দেখা যায়নি। তানভীর আহম্মেদ টিটু, ভিকিসহ অনেকের হাতে ছিল অত্যাধুনিক ভারী অস্ত্র। যা সাধারণ মানুষের কাছে থাকার কথা না।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু গণমাধ্যমকে বলেন, অস্ত্রের মহড়া দিয়ে গুলি করার ভিডিওটি আমাদের নজরে এসেছে। সেখানে কারা, কী ধরনের অস্ত্র ব্যবহার করেছেন, তা খতিয়ে দেখা হয়েছে। লাইসেন্সকৃত বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯