ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজনীতির মাঠ গোছাচ্ছে সদ্য নিবন্ধন পাওয়া দল এবি পার্টি

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:০২ অপরাহ্ন

banglahour

রাজনীতির মাঠ গোছাচ্ছে সদ্য নিবন্ধন পাওয়া দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখন থেকেই কাজ শুরু করেছে। তাদের মূল লক্ষ্য তরুণদের দলে ভেড়ানো। সে লক্ষ্যে ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে সংগঠন শক্তিশালী করছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে তাদের ছাত্র সংগঠন ‘ছাত্র পক্ষ’কে শক্তিশালী করছে। পরিকল্পনা আগামী নির্বাচনে ১৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা। আর কোনো জোটে গেলে ৩০টি আসন চাইবে এবি পার্টি।

দলটির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। প্রতিষ্ঠার চার বছর পর নির্বাচন কমিশনের নিবন্ধন পায় এবি পার্টি। ২১ আগস্ট নির্বাচন কমিশন এবি পার্টিকে ‘ঈগল’ প্রতীক দিয়ে নিবন্ধনের প্রজ্ঞাপন জারি করেছে। ইসি সচিব শফিউল আজিম জানান, আদালতের আদেশে এবি পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে, প্রতীক দেওয়া হয়েছে ঈগল।

জামায়াতে ইসলামীর ‘সংস্কারপন্থিরা’ নতুন প্ল্যাটফর্ম জন আকাংখার বাংলাদেশ গঠনের এক বছর পর ২০২০ সালে এবি পার্টি গঠনের ঘোষণা দেন। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দলটি নিবন্ধন পেতে কাজী হাবিবুল আউয়াল কমিশনে আবেদন করে। তখন এবি পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তারা কেন্দ্রীয় কার্যালয়সহ কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির তালিকা, ২২টি জেলা কমিটি, ১০০টি উপজেলা কমিটি, ১০০টি উপজেলার ২২ হাজার নিবন্ধিত ভোটার সদস্যের তালিকা ইসিতে দিয়েছে। তারপরও সে সময় দলটি নিবন্ধন পায়নি। এবি পার্টির প্রতিষ্ঠার পর থেকে বিশেষ করে বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রায় প্রতিটি কূটনৈতিক বৈঠকে পার্টির প্রতিনিধি দল অংশ নেয়। 
দলটির প্রথম সারির নেতাদের মধ্যে বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন। সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এক সময়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত ছিলেন। ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও সভাপতি ছিলেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরারও সদস্য ছিলেন তিনি। এক পর্যায়ে দলে বিভক্তির অভিযোগ এনে তাকে বহিষ্কার করে জামায়াত। দলের সাংগঠনিক নেতৃত্বে তার সক্রিয়তা না থাকলেও জামায়াতের তাত্ত্বিক পর্যায়ে মঞ্জুর বেশ ভালো অবস্থান ছিল। এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ছিলেন সাবেক সচিব। যুগ্ম সদস্য সচিব তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন। এ ছাড়া যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও সম্প্রতি বিভিন্ন বক্তব্য দিয়ে বেশ পরিচিত হয়ে উঠেছেন। সামাজিক কর্মকাণ্ডে বেশ সক্রিয় থাকতে দেখা গেছে এবি পার্টিকে। চলমান বন্যায় ফেনীতে ২ হাজার পরিবারের জন্য রান্না করা খাবার বিতরণসহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে দলটি। দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে পার্টির তরফ থেকে কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করা হয়েছে।

দলের পরিকল্পনা নিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের প্রাথমিক কাজ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা। তারা যাতে কোনো ভুল না করে। ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ ভূমিকা রাখা। দীর্ঘমেয়াদে দলকে বিস্তৃত করা। আগে অনেক বাধা ছিল। কাজ করা সম্ভব হয়নি। আমাদের মূল টার্গেট তরুণরা। এখনকার জেনারেশন জেড বা জেন-জি’কে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। তাদের সঙ্গে আমরা দীর্ঘমেয়াদে কাজ করতে চাই। ইতিমধ্যে তরুণদের সঙ্গে আমাদের কাজ নিয়ে ভালো একটি বোঝাপড়া হয়েছে।

তিনি জানান, তারা সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ১৫০ আসনে নির্বাচন করার পরিকল্পনা আছে দলটির। আর কোনো জোটে গেলে ৩০টি আসন চাইবেন। কার সঙ্গে জোট হবে; তা নির্বাচনের আগে ঠিক করা হবে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর যে ‘রাজনৈতিক সংকট’ তৈরি হয়েছে, তাতে ‘তৃতীয় শক্তির উত্থান অবশ্যম্ভাবী’ বলেই মনে করেন এবি পার্টির সদস্য মঞ্জু। তিনি বলেন, আমরা নিবন্ধন পাওয়ার পর রাজনীতি ও সমাজের অনেক পরিচিত মুখ যোগাযোগ করছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যারা সম্পৃক্ত তারাও যোগাযোগ করছেন।

পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানান, তাদের বর্তমানে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা ১৮৬ জন। ৩৩টি জেলায় দলের কমিটি রয়েছে। ১৫০ উপজেলা/থানায় সংগঠন আছে। প্রায় প্রতিটি মহানগরীতে কমিটি আছে। প্রবাসী সমন্বয়ক কমিটি আছে ১১টি দেশে। তিনি বলেন, বর্তমান সময়ে এবি পার্টির অগ্রাধিকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সুনির্দিষ্টভাবে পরামর্শ দেয়া, তাদের ভুলগুলোকে নিয়ে আওয়াজ তোলা, সংশোধনের জন্য আহ্বান জানানো। ন্যূনতম রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা হস্তান্তর করবে বলেই আমরা আশা করছি। তিনি বলেন, আমরা সম্প্রতি নিবন্ধন পাওয়ার কারণে সারা দেশে ব্যাপক আগ্রহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সারা দেশে শত শত তরুণ পেশাজীবীরা দলে যোগ দিচ্ছে। নতুন প্রজন্মের রাজনীতির দিকে দেশ ও জাতি মুখিয়ে আছে বলে আমরা মনে করছি। 

এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বলেন, বিভিন্ন জেলা ও উপজেলায় কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। ২১ ডিসেম্বর পার্টির কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার কথা রয়েছে। 

তিনি জানান, এবি পার্টির সহযোগী সংগঠন ছাত্র পক্ষের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা উত্তর-দক্ষিণে কমিটি রয়েছে। এ ছাড়া এবি ল-ইয়ার্স নামে আইনজীবী সংগঠনও রয়েছে। পার্টির আহ্বায়ক দলীয় কর্মকাণ্ডে কেন সক্রিয় নন-জানতে চাইলে তিনি বলেন, আহ্বায়ক বয়সের কারণে দলে অনুপস্থিত। পারিবারিক কারণে দলীয় কর্মসূচিতে থাকতে পারছেন না। সাবেক এই সচিব কর্মজীবনে সবশেষ এনবিআরের চেয়ারম্যান ছিলেন। দলটির গঠনতন্ত্রে উল্লেখ আছে কেন্দ্রীয় কমিটিতে ৩৩ শতাংশ পদ নারীদের জন্য রাখা হবে। এবি পার্টি উইমেনের ইনচার্জ ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি জানান, এটি এখনই সম্ভব নয়। তবে দল ধীরে ধীরে এই কোটা পূর্ণ করা হবে। সম্প্রতি এবি পার্টির নেতারা জাতিসংঘ বাংলাদেশ মিশনের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তারা ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের সময় শেখ হাসিনার নির্দেশে দেশে যে গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম