ঢাকা: জিয়াউর রহমানের শাসনামলে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার ও ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোর সংগঠন ‘মায়ের কান্না’ আজ বুধবার (২৮ ডিসেম্বর) মার্কিন দূতাবাসে স্মারকলিপি দিয়েছে এবং রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের আবেদন জানিয়েছে।
স্মারকলিপিতে তারা জিয়াউর রহমানের আমলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের বিচারের দাবি জানান। ‘মায়ের কান্না’ সংগঠনের আহবায়ক কামরুজ্জামান মিয়া লেলিনের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের আহবায়ক কামরুজ্জামান মিয়া লেলিন দেশের সকল মানুষকে ‘মায়ের কান্না’ সংগঠনের সাথে একাত্মতা পোষণের আহবান জানান। এর আগে, মার্কিন দূতাবাসের কাছে মানববন্ধন করে সংগঠনের সদস্যরা।
কামরুজ্জামান মিয়া লেলিন বলেন, ‘আমরা আমাদের স্মারকলিপি মার্কিন দূতাবাসে জমা দিয়েছি। ১৯৭৭ সালের ২ অক্টোবর জিয়াউর রহমান যে শত শত সেনা ও বিমান বাহিনীর সদস্যকে ফাঁসিতে ঝুলিয়ে অন্যায়ভাবে হত্যা করেছিল, তার বিচারের জন্য এই ৪৫ বছর পর্যন্ত সরকারের এবং বিভিন্ন মহলে আমরা ঘুরেছি। কিন্তু এর সঠিক বিচার পাইনি। তাই আমরা মার্কিন রাষ্ট্রদূতসহ বাংলাদেশে যত রাষ্ট্রদূত আছেন, সবাইকেই আমাদের এই কথাগুলো জানাব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
