গায়ানা, ২২ নভেম্বর ২০২৪: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, ভারত কখনও সম্প্রসারণবাদী মানসিকতা নিয়ে এগোয়নি এবং অন্যের সম্পদ দখল করার অনুভূতি থেকে সবসময় দূরে থেকেছে। বৃহস্পতিবার গায়ানার পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মোদি এসব মন্তব্য করেন।
মোদি তার বক্তব্যে বলেন, "ভারত কখনই স্বার্থপরতার নীতি নিয়ে এগিয়ে যায়নি এবং সবসময় নীতি, বিশ্বাস ও স্বচ্ছতার ভিত্তিতে কথা বলেছে।" তিনি আরও বলেন, "যদি এমনকি একটি দেশ বা একটি অঞ্চলও পিছিয়ে থাকে, তবে আমাদের বৈশ্বিক লক্ষ্য কখনই অর্জিত হবে না।"
মোদি তার ভাষণে বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কথা উল্লেখ করে বলেন, "যে পরিস্থিতিগুলো সংঘাতের দিকে নিয়ে যায়, সেগুলো চিহ্নিত করে এগুলোর সমাধান করা সময়ের দাবি। সন্ত্রাস, মাদক, সাইবার অপরাধের মতো চ্যালেঞ্জের মোকাবেলা করেই আগামী প্রজন্মের ভবিষ্যৎ গঠন করা সম্ভব।"
এ সময়, ভারতের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তার এবং চীনের প্রভাব কমাতে বাংলাদেশ, মালদ্বীপসহ বিভিন্ন দেশে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও তোলা হয়। বিশেষ করে বাংলাদেশে, ভারত আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন দিয়ে আসছে, এমন অভিযোগ রয়েছে।
মোদি গায়ানার পার্লামেন্টে দাবি করেন, "আমরা কখনও সম্পদ দখলের অনুভূতি থেকে এগিয়ে যাইনি। মহাকাশ বা সমুদ্র, এগুলো কখনও সংঘাতের বিষয় নয় বরং সহযোগিতার বিষয় হওয়া উচিত। বিশ্বের জন্য এখন সংঘাতের সময় নয়।"
এছাড়া, কানাডা খালিস্তান আন্দোলনের নেতাকে হত্যার ষড়যন্ত্রের কথা জানালেও মোদি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
