ঢাকা: ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে বিদেশি কূটনীতিকদের উদ্দেশে ব্রিফিং করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, জাপান, কানাডা, সৌদি আরব, ইরান, সিঙ্গাপুর এবং আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা।
ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের অভিযোগ
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যমের একাংশ বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভুল ধারণা তৈরি করছে। এ বিষয়ে বৈঠকে কূটনীতিকদের বিস্তারিত জানানো হয়েছে। তিনি বলেন, “প্রধানত ভারতীয় মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এ অপপ্রচারকে ভিত্তি করে অন্য অনেক মাধ্যমও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমরা স্পষ্ট করতে চাই, বাংলাদেশে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও সরকার সবসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।”
তিনি আরও জানান, সরকারের অবস্থান দৃঢ়। সাম্প্রদায়িক অপতৎপরতা বরদাশত করা হবে না। “আমরা হিন্দু-মুসলিম বিভেদ চাই না। কোথাও বিশৃঙ্খলা দেখা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।
ব্রিটিশ প্রতিবেদনের সমালোচনা
ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনকে একপেশে বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, “প্রতিবেদন তৈরিতে একটি বিশেষ গোষ্ঠী প্রভাব রেখেছে। এতে রাজনৈতিক পক্ষপাত লক্ষ্য করা গেছে। আমাদের দূতাবাসকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।”
পররাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সরকারের পক্ষ থেকে কূটনীতিকদের বার্তা দেওয়া হয় যে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং মিথ্যা প্রচারের বিরুদ্ধে সক্রিয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
