ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আর্থিক খাতে সুশাসনের অভাবে দুর্নীতি রোধে বড় চ্যালেঞ্জ: ছায়া সংসদে ড. ফাহমিদা খাতুন

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৫:৪৮ অপরাহ্ন

banglahour

ঢাকা, ৮ ডিসেম্বর: দুর্নীতির চক্র ভাঙতে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, ক্ষমতার পালাবদলের সঙ্গে দুর্নীতির পালাবদল বন্ধ করতে হবে।

রোববার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত “আর্থিক খাতে সুশাসনের অভাবই দুর্নীতি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ” শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ফাহমিদা বলেন, "বাংলাদেশ ব্যাংক টাকা ছেপে দুর্বল ব্যাংকগুলোকে সহযোগিতা করেছে, যা কোনোভাবেই ঋণ বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে না। ব্যাংকিং খাতে অনভিজ্ঞ ব্যক্তিদের অনুমোদন এবং স্বজনপ্রীতির কারণে অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।" তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও প্রয়োজনীয় পণ্য বিকল্প উৎস থেকে সংগ্রহ করা সম্ভব।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “বিগত ১৫ বছরের শাসনামলে আর্থিক খাতে চোরতন্ত্র, দখলতন্ত্র এবং লুটপাটের শাসন চলেছে। দুর্নীতির কারণে পাচার হওয়া অর্থ দিয়ে বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হতো।"

ছায়া সংসদ প্রতিযোগিতায় সাউথইস্ট ইউনিভার্সিটি দল বিজয়ী হয়, পরাজিত হয় বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি দল। বিচারক প্যানেলে ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন এবং একাধিক সাংবাদিক।

আলোচনায় আরও উঠে আসে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটের অভিযোগ। বক্তারা বলেন, বিতর্কিত বিদ্যুৎ আমদানি চুক্তি বাতিল করলে বাংলাদেশ লাভবান হবে। এ ছাড়া নিজেদের স্বনির্ভরতা বাড়াতে বিকল্প পরিকল্পনা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯