মালয়েশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশে পাসপোর্ট জটিলতায় ভোগা প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান কার্যক্রম শুরু হবে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান ড. আসিফ নজরুল।
তিনি বলেন, “আপনাদের পাসপোর্ট সমস্যার বিষয়টি আমরা জানি। ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট বিতরণ শুরু হবে। যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন।”
সৌদি আরব ও মালয়েশিয়ায় অগ্রাধিকার
আইন উপদেষ্টা আরও জানান, প্রথম পর্যায়ে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে পাসপোর্ট প্রদান করা হবে। এরপর অন্যান্য দেশে বেশি চাহিদার ভিত্তিতে এই কার্যক্রম চালানো হবে। তিনি বলেন, “প্রতিদিন বিপুল পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে। আশা করা যায়, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আর কোনো পাসপোর্ট সংকট থাকবে না।”
ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ
পাসপোর্ট সংকটের জন্য প্রবাসীদের কাছে দুঃখপ্রকাশ করে ড. আসিফ নজরুল বলেন, “এই সমস্যাটি বিগত সরকারের অনিয়মের কারণে সৃষ্টি হয়েছে। তৎকালীন মন্ত্রী পাসপোর্ট ছাপানোর কাজ একটি পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন, যা রেজিস্ট্যান্স ও টেন্ডারিং প্রক্রিয়ায় দেড় বছর সময়ক্ষেপণ ঘটায়। আমরা ফাস্টেস্ট ওয়েতে কাজটি শেষ করেছি। আপনারা অনেক কষ্ট পেয়েছেন। এজন্য আন্তরিকভাবে দুঃখিত।”
প্রবাসীদের দুর্ভোগ
পাসপোর্ট সংকটের কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষ করে সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া, এবং সংযুক্ত আরব আমিরাতের শ্রমজীবী প্রবাসীরা পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন করতে পারছেন না, দেশে জরুরি কাজে ভ্রমণও সম্ভব হচ্ছে না।
ড. আসিফ নজরুলের ঘোষণা প্রবাসীদের মধ্যে আশা জাগিয়েছে। তারা এই সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ আশা করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
