বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১৩ ডিসেম্বর এক বিবৃতিতে দেশবাসীর প্রতি ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, জাতির ইতিহাসে এ দুটি দিবসের গুরুত্ব অপরিসীম। যারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "আমরা শহিদ বুদ্ধিজীবী এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং মহান আল্লাহর কাছে তাদের রূহের মাগফিরাত কামনা করি।"
তিনি আরও বলেন, দেশের ছাত্র-জনতা আজ ঐক্যবদ্ধভাবে দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জুলুম-অত্যাচার, গুম-খুন ও অপশাসন থেকে মুক্ত হয়ে জাতি শান্তি ও স্থিতিশীলতার পথে অগ্রসর হচ্ছে। তবে তিনি সতর্ক করেন যে, দেশবিরোধী শক্তি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১৪ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর যথাযথভাবে পালন করতে আলোচনা সভা, র্যালি ও দোয়ার আয়োজন করার জন্য তিনি জামায়াতে ইসলামীর সকল শাখা এবং দেশবাসীকে নির্দেশনা দেন। বিজয় দিবস উপলক্ষ্যে তিনি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশের সুখ-সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা অবিচল। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথে এগিয়ে নিয়ে যাই।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
