ঢাকা, ১৬ ডিসেম্বর: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত শ্বেতপত্র নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, এই প্রতিবেদনের তথ্য পড়ে জনগণ হতভম্ব হয়ে গেছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও এই প্রতিবেদন গভীর আগ্রহের সঙ্গে গ্রহণ করা হচ্ছে।
সকালে বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত ভাষণে ড. ইউনূস বলেন, দেশের অর্থনীতিকে কীভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে, তা শ্বেতপত্র কমিটির প্রতিবেদন থেকে স্পষ্ট। তিনি উল্লেখ করেন, “ফ্যাসিবাদী সরকার এমন এক অর্থনৈতিক ধ্বংসস্তূপ তৈরি করেছে, যা কল্পনারও বাইরে ছিল। শ্বেতপত্রে এই ক্ষতির পরিমাণ তুলে ধরা হয়েছে, যা দেখে জনগণ নির্বাক হয়ে গেছে।”
ড. ইউনূস আরও বলেন, “দেশের ব্যাংক খাত থেকে দিনের আলোয় হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই অপরাধ কেউ দেখেনি বা দেখলেও বাধা দেয়নি। বরং লুটপাটকারীদের সর্বস্তরের সহযোগিতার মাধ্যমে তারা তাদের কাজ নির্বিঘ্নে চালিয়ে গেছে।”
প্রধান উপদেষ্টা ঋণের টাকায় নেওয়া বিশাল প্রকল্পগুলোর আড়ালে হওয়া দুর্নীতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, প্রকল্পগুলোর প্রকৃত ব্যয়ের চেয়ে বেশি খরচ দেখিয়ে লুটপাট করা হয়েছে, যার বিস্তারিত তথ্য প্রতিবেদনে উঠে এসেছে।
ড. ইউনূসের ভাষণ এবং শ্বেতপত্র কমিটির এই প্রতিবেদন নিয়ে ইতোমধ্যেই দেশে-বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পত্রপত্রিকা, সেমিনার ও টেলিভিশনে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে।
এটি ছিল ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে ড. ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
