ঢাকা, ১৬ ডিসেম্বর: আওয়ামী লীগ স্বাধীনতা বিক্রি করে এখন ভারতে পালিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “যে জাতি আওয়ামী লীগকে উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সেই জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। স্বাধীনতার জন্য বারবার রক্ত দেওয়া এই জাতি তাদের অর্জনকে আর ছিনতাই হতে দেবে না।”
শেখ পরিবারকে উদ্দেশ করে তিনি বলেন, “একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতাবিরোধী হিসেবে উপস্থাপন করেছিল। কিন্তু এবার বাংলার মানুষ তাদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করেছে।”
জামায়াত আমির বলেন, “বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল, কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। এই নতুন স্বাধীনতাকে যেন কেউ হাইজ্যাক করতে না পারে, সে জন্য ১৮ কোটি মানুষকে পাহারা দিতে হবে।”
স্বচ্ছ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “প্রত্যেক নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং সর্বোচ্চ নিরপেক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। জনগণ যদি জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তবে দেশ আর কখনো বিক্রি হবে না।”
ডা. শফিকুর রহমানের এই বক্তব্যের পর বিজয় দিবসের সমাবেশে উপস্থিত জামায়াতের কর্মী-সমর্থকরা ‘স্বাধীনতা রক্ষায় প্রস্তুত’ স্লোগান দেন। তার ভাষণে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন অনেকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
