বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আবহমান কাল থেকে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে।" তিনি আরও বলেন, "এমন একটি দেশ, যা দুনিয়ায় খুবই বিরল, বিগত ১৫ বছরের শাসকরা দেশকে মনের মতো সাজাতে পারেননি। বরং তারা নিজেদের স্বার্থে দেশ শাসন করেছেন। দেশের মানুষের কাজ এবং রিজিক তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আর লাখো বেকার মিছিলে জনগণ পিষ্ট হয়েছে।"
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে অনুষ্ঠিত জামায়াতের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠানে কলমের বদলে গুন্ডাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং দেশের মানুষের অর্জিত অর্থ বিদেশে পাচার করা হয়েছে।" তিনি বর্তমান সরকারের প্রতি অভিযোগ তুলে বলেন, "যারা গণহত্যা করেছে, তাদের কি এই দেশের রাজনীতি করার অধিকার আছে? তারা শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে দেশের অস্থিরতা বাড়ানোর ষড়যন্ত্র করছে।"
তিনি জামায়াতে ইসলামীর লক্ষ্য সম্পর্কে বলেন, "আমরা একটি এমন সমাজ গঠন করতে চাই, যেখানে দুর্নীতিবাজদের অস্তিত্ব থাকবে না। সেই সমাজে আমাদের মা-বোনেরা সম্মানের সঙ্গে ঘরে ও বাইরে চলতে পারবে।" তিনি যোগ করেন, "যে সমাজে যুবকরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করতে চাইবে, সেই সমাজ গঠন আমাদের লক্ষ্য।"
ডা. শফিকুর রহমান বলেন, "আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে মানুষ ন্যায়বিচার পাবে এবং আদালতের দরজায় কাঁদতে হবে না।" তিনি জনগণকে বৃহত্তর কোরবানির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান এবং বলেন, "মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।"
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, এবং সাতক্ষীরা জেলা আমির মাওলানা শহিদুল ইসলাম মুকুল প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
