সূর্যের আলো ভিটামিন ‘ডি’র প্রধান উৎস। তবে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে ভিটামিন ডি ঘাটতির প্রবণতা ব্যাপক। মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুপুষ্টির ঘাটতি মোকাবিলায় সম্প্রতি আলোচনা শুরু হয়েছে এবং ভোজ্যতেলে ভিটামিন ডি সমৃদ্ধকরণকে একটি সম্ভাব্য উপায় হিসেবে ভাবা হচ্ছে।
ভিটামিন ‘ডি’-এর অভাবে শিশুরা রিকেটস রোগের শিকার হতে পারে এবং প্রাপ্তবয়স্করা অস্টিওপোরোসিস নামক দুর্বল হাড়ের রোগে ভুগতে পারেন। ভিটামিন ‘ডি’-এর অভাবে মাতৃত্বজনিত জটিলতা যেমন- প্রি-এক্লাম্পসিয়া, নবজাতকের জটিলতা যেমন- নবজাতকের হাইপোক্যালসেমিয়াজনিত খিঁচুনি যেমন হতে পারে তেমনি দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ যেমন- হৃদ্রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এমনকি ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বাংলাদেশে বছরে যত মানুষ মারা যায় তার ৭০ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ। ভিটামিন ‘ডি’ অভাবজনিত সমস্যা এই পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
ভিটামিন ‘ডি’ ঘাটতিজনিত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় বেশ ব্যয়বহুল। ভিটামিন ‘ডি’ ঘাটতি প্রতিরোধে যেসব কার্যক্রম পরিচালনা করা যায় তার মধ্যে রয়েছে- সূর্যের আলোর সংস্পর্শে আসার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচারণা চালানো, ভিটামিন ‘ডি’ -সমৃদ্ধ খাবার গ্রহণে উৎসাহিত করা এবং এসব খাবার সহজলভ্য করা, নারী ও বয়স্কদের জন্য বিনামূল্যে ভিটামিন ‘ডি’ সাপ্লিমেন্ট সরবরাহ করা এবং ভিটামিন ‘ডি’র সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে সবাই ব্যবহার করেন এমন কোনো খাবারে ভিটামিন ‘ডি’ যোগ করা, যাকে ফর্টিফিকেশন বলা হয়ে থাকে। আপামর জনসাধারণের মধ্যে ভিটামিনের ঘাটতি পূরণে খাদ্যপণ্যে ভিটামিন ‘ডি’ সমৃদ্ধকরণ একটি কার্যকর পদ্ধতি এবং ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব, ভারত, পাকিস্তান এবং ফিনল্যান্ডের মতো দেশগুলোতে এটি চালু রয়েছে।
জনগোষ্ঠীর মধ্যে অনুপুষ্টির ঘাটতি পূরণে খাদ্যপণ্যে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধকরণ বাংলাদেশে নতুন নয়। দেশে লবণে আয়োডিন এবং ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বাধ্যতামূলক করা হয়েছে। যেহেতু বাংলাদেশে ভোজ্যতেলের ব্যবহার সর্বজনীন এবং ভিটামিন ‘ডি’ চর্বিতে দ্রবণীয়, সেহেতু ভোজ্যতেল ভিটামিন ‘ডি’ সমৃদ্ধকরণের জন্য একটি উপযুক্ত বাহন হতে পারে। তদুপরি, ভোজ্যতেল একইসাথে ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘ডি’ দ্বারা সমৃদ্ধকরণ শুধু ভিটামিন ‘এ’ দ্বারা সমৃদ্ধকরণের চেয়ে সাশ্রয়ী। এতে জনগণ প্রতিদিনের ভোজ্যতেলে একই সাথে ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘ডি’ পাবে।
ভিটামিন ‘ডি’ ঘাটতির উচ্চ প্রকোপকে গুরুত্ব দেওয়া এবং এর প্রতিরোধকে জনস্বাস্থ্যের জন্য অগ্রাধিকার হিসেবে গ্রহণ করা এখন সময়ের দাবি। ভিটামিন ‘ডি’ ঘাটতির উচ্চ প্রকোপ সার্বিকভাবে রোগের বোঝা বাড়াবে। তাই, সরকার, নীতিনির্ধারক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ব্যক্তি পর্যায়ে সবাইকে এবিষয়ে কাজ করতে হবে। ভোজ্যতেল ভিটামিন ‘ডি’ সমৃদ্ধকরণের উদ্যোগ নেওয়া হলে তা সরকার এবং জনগণ উভয়ের জন্যই লাভজনক হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
