লন্ডন, ২ এপ্রিল ২০২৫: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। ঈদের আনন্দঘন মুহূর্তে ছেলে, পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে লন্ডনের একটি পার্কে ছেলে তারেক রহমানের সঙ্গে মুক্ত পরিবেশে ঘুরতে বের হন খালেদা জিয়া। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও তার সঙ্গে ছিলেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি ভিডিও ক্লিপে দেখা যায়, পার্কের ভেতরের ফুটপাথে খালেদা জিয়াকে হুইলচেয়ারে করে এগিয়ে নেওয়া হচ্ছে, পাশে হাঁটছেন তারেক রহমান ও পরিবারের সদস্যরা। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনও তাদের সঙ্গে ছিলেন।
উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারিতে লন্ডনে যান বেগম খালেদা জিয়া। তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসা নেন এবং বর্তমানে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসাধীন আছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে দ্য ক্লিনিকের অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি। তার জন্য বিশেষ মেডিকেল টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
