সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব—এই বিশ্বাস নিয়ে মাঠে-ময়দানে ছুটে চলা এক সাহসী, মানবিক এবং অনুসন্ধানী সাংবাদিকের নাম রাজু আহমেদ। তিনি শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ নন, বরং গণমানুষের সমস্যা ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তার লেখনীকে ব্যবহার করেন শক্তিশালী হাতিয়ার হিসেবে।
রাজধানীর মিরপুর কেন্দ্রিক কাজ করলেও রাজু আহমেদের জন্ম পদ্মা-কন্যা খ্যাত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়। সাংবাদিকতা শুরু করেন ২০০৭ সালে ‘যোগাযোগ প্রতিদিন’ পত্রিকার মাধ্যমে। বর্তমানে সময়ের কণ্ঠস্বর-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিজয় টেলিভিশন, খোলা কাগজ, ডেইলি ট্রাইবুনাল, বাংলা আওয়ারসহ বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে নিয়মিতভাবে কন্ট্রিবিউট করে আসছেন।
রাজু আহমেদের বিশেষত্ব হলো—সাহসী অনুসন্ধান ও বাস্তবমুখী প্রতিবেদন। মিরপুর এলাকার নানা সমস্যা, দুর্নীতি, অব্যবস্থাপনা, কিশোর গ্যাং, স্বাস্থ্যখাতের বিশৃঙ্খলা, শহরের জলাবদ্ধতা কিংবা স্থানীয় ক্ষমতাবানদের অপব্যবহার—এসব বিষয়ে তিনি ধারাবাহিকভাবে রিপোর্ট করে জনমনে প্রশংসা কুড়িয়েছেন। তার কলামে উঠে আসে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, উঠে আসে একটি স্বচ্ছ সমাজ গঠনের বার্তা।
শুধু পেশাগত দায়িত্ব নয়, রাজু আহমেদ ব্যক্তিগতভাবেও অসহায়, দরিদ্র কিংবা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান। কখনো অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তায়, কখনো দরিদ্র শিক্ষার্থীদের পাশে, আবার কখনো রক্তদাতা হয়ে মানুষের জীবন বাঁচাতে ছুটে যান তিনি। এমনকি মহামারি করোনা পরিস্থিতিতেও তিনি ছিলেন জনগণের পাশে—মাঠে।
রাজু আহমেদ একজন মানবিক, প্রতিবাদী ও আপোষহীন সাংবাদিক হিসেবে পরিচিত। তার রিপোর্টের কারণে বিভিন্ন সময় হুমকি ও রাজনৈতিক চাপের মুখোমুখি হয়েছেন, এমনকি হামলার শিকারও হয়েছেন। তবুও অটল থেকে সাংবাদিকতাকে তিনি দেখেন জনগণের পক্ষের কণ্ঠস্বর হিসেবে।
রাজু আহমেদ বিশ্বাস করেন সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব। আমি নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হতে চাই। তাঁর কাজ শুধু সাহসিকতা নয়, নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য হয়ে উঠছে এক উজ্জ্বল অনুপ্রেরণা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
