জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান ও মানবতার জয়গান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ ও পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদ চত্বরে জমায়েত হয়ে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে অমর একুশে ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিল চারুকলা বিভাগ।
শোভাযাত্রা শেষে উপাচার্য বলেন, “বাংলা নববর্ষ উৎসব বাঙালি জাতিসত্তার এক অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব সবার জন্য সার্বজনীন এবং এটি দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় জাগায়। এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার—একটি সাম্য ও মানবিক সমাজ প্রতিষ্ঠা।”
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, প্রক্টর এ কে এম রাশিদুল আলমসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, মহিলা ক্লাবের সদস্য এবং জাবি স্কুল ও কলেজের ছাত্র-শিক্ষকবৃন্দ।
এছাড়াও চারুকলা বিভাগসহ বিভিন্ন অনুষদ ও বিভাগ পৃথকভাবে আয়োজন করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকর্ম প্রদর্শনী ও আনন্দ আয়োজন। পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত, যা নববর্ষকে করে তোলে আরও বর্ণিল ও প্রাণবন্ত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
