ঢাকা, ৯ মে ২০২৫ — আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে দলটিকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে রাজধানীতে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৯ মে) সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
হাসনাত জানান, বাদ জুমা ফোয়ারার সামনে জনসমুদ্রে পরিণত হবে সড়ক। তিনি বলেন, "আজকের সমাবেশ থেকেই বোঝা যাবে কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। যতক্ষণ না এই গণহত্যাকারী দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।"
সমাবেশকে ঘিরে ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণ চলছে জানিয়ে হাসনাত বলেন, "ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে বাংলামোটর পর্যন্ত পুরো রাস্তা জনসমুদ্রে পরিণত করব।"
সংবাদ সম্মেলনে উপস্থিত এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী জানান, "জুমার পর ছাত্র-জনতা ফোয়ারার সামনে অবস্থান নেবে। আজই ফয়সালা হবে—কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আর কারা চায় না।"
তিনি দেশবাসীকে ‘জুলাই আন্দোলন’-এর মতো রাজপথে নামার আহ্বান জানান। এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, "বাদ জুমা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে এনসিপি ও তাদের সমর্থকরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
