শ্রীনগর, ভারত – পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র নিরাপদ কি না, সেই প্রশ্ন উত্থাপন করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর ১৫ কোর সদর দফতর পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন এবং বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-এর তদারকির আওতায় আনা হোক।
রাজনাথ সিং বলেন, "পাকিস্তান বহুবার দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে হুমকি দিয়েছে। এমন একটি উচ্ছৃঙ্খল দেশের হাতে পারমাণবিক অস্ত্র কতটা নিরাপদ, সেটা বিশ্ববাসীর ভাবা উচিত।"
তিনি আরও বলেন, "ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে এবং পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইল আমরা কখনোই আমলে নেইনি। আমাদের সেনাবাহিনী যখন হামলা চালায়, শত্রুরাই তার হিসাব রাখে।"
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান চালায় ভারত। সেই অভিযানের পর এবারই প্রথম কাশ্মীর সফরে এলেন প্রতিরক্ষামন্ত্রী।
সফরের সময় তিনি সেনাদের সঙ্গে মতবিনিময় করেন, সীমান্ত এলাকায় পড়ে থাকা পাকিস্তানি গোলাবারুদের নমুনা পরিদর্শন করেন এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও যুদ্ধ প্রস্তুতি মূল্যায়ন করেন।
রাজনাথ সিংয়ের সফরে তার সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
