রাজধানীর পল্টন মোড়ে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই লাখ টাকা হারিয়েছেন মো. ফাহাদ আহমেদ (২৮) নামে এক কসমেটিকস ব্যবসায়ী। সোমবার সকাল ৮টার দিকে প্রভাতী পরিবহণের একটি বাসে এ ঘটনা ঘটে।
পরে সকাল ৯টার দিকে অচেতন অবস্থায় ফাহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যান তার বন্ধু। বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ফাহাদ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মো. সেলিম মাহমুদের ছেলে। ব্যবসায়িক প্রয়োজনে তিনি চকবাজারে মাল কিনতে ঢাকা এসেছিলেন।
সঙ্গে থাকা বন্ধু বিপ্লব মিয়া জানান, তারা দুজনেই কসমেটিকস ব্যবসায়ী। মহাখালী বাসস্ট্যান্ড থেকে গুলিস্তানের উদ্দেশ্যে বাসে উঠেন। একইসঙ্গে সিট না পেয়ে বিপ্লব সামনের দিকে এবং ফাহাদ পেছনের দিকে বসেন।
বিপ্লব বলেন, "পল্টন মোড়ে আমি নেমে যাওয়ার পর দেখি ফাহাদ নামছে না। ফিরে গিয়ে দেখি, সে অচেতন অবস্থায় সিটে পড়ে আছে। তখন দ্রুত তাকে ঢামেকে নিয়ে যাই।"
বিপ্লব আরও জানান, ফাহাদ বাসা থেকে দুই লাখ টাকা নিয়ে বের হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, প্রতারকচক্র তাকে অজ্ঞান করে সেই টাকা নিয়ে গেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ফাহাদকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় নিখোঁজ টাকার সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পল্টন থানাকে জানানো হয়েছে।
রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির এমন ঘটনা আবারও নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এ বিষয়ে আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
