বিশুদ্ধ খাদ্য আদালতের মামলায় যশোরের দুটি জনপ্রিয় খাবার প্রতিষ্ঠান ‘কাচ্চিভাই’ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’র মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে এই আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল।
স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আদালতের নির্দেশ অনুসারে, ‘কাচ্চিভাই’-এর মালিক সোহেল সিরাজ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’র মালিক মিহির ঘোষের এদিন হাজির হওয়ার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। ফলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং কাচ্চিভাইয়ের মামলার পরবর্তী তারিখ ৩ জুন ও অনন্যার মামলার তারিখ ৪ জুন নির্ধারণ করেন।
অন্যদিকে একই অভিযানে অভিযুক্ত ‘জনি কাবাব’-এর মালিক জয়নুল হক জনি আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করেন। আদালত তাকে জামিনে মুক্তি দেন এবং তার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৬ জুন।
প্রসঙ্গত, গত ৭ মে যশোর শহরের তিনটি খাবার প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ মেলে। রান্নাঘরের অপরিচ্ছন্নতা, স্যানিটেশনের অভাব ও খাদ্যমান লঙ্ঘনের অভিযোগে ওই দিন তিন মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করেন নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম।
জনস্বাস্থ্য রক্ষায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ায় এই ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
