গাজীপুর, ৪ জুন — গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ট্রাক থেকে জোরপূর্বক গরু নামিয়ে হাটে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বুধবার সকালে চেরাগআলীর অস্থায়ী গরুর হাট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—টঙ্গীর এরশাদনগর এলাকার মিরাজ (৩৬), জাকারিয়া (৪৭) ও শিপন (৩৩)।
জানা গেছে, ঢাকার উত্তরা দিয়াবাড়ি, নারায়ণগঞ্জ ও কঁচুক্ষেত হাটে গরু বহনকারী ট্রাকগুলো চেরাগআলীর কাছাকাছি এলে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবক ট্রাক থামিয়ে জোরপূর্বক গরু নামিয়ে তাদের হাটে নিতে বাধ্য করছিলেন। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন গরু ব্যবসায়ীরা।
বগুড়া থেকে ১৭টি গরু নিয়ে আসা ব্যবসায়ী আব্দুর রহিম, রমজান আলী ও মুকুট মিয়া জানান, “আমরা নারায়ণগঞ্জ যাচ্ছিলাম, কিন্তু ট্রাক চেরাগআলীতে আসতেই কিছু লোক চালককে হুমকি দিয়ে গরু নামিয়ে দেয় এবং জোর করে হাটে নিয়ে যায়।”
বিষয়টি জানার পর সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন বলেন, “সেনাবাহিনী তিনজনকে আটক করেছে বলে জেনেছি। এমন ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঈদ উপলক্ষে কোরবানির গরু পরিবহন নিরাপদ করতে এবং অবৈধ হস্তক্ষেপ ঠেকাতে কড়া নজরদারি রাখা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
