ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদ সামনে রেখে রেমিট্যান্সে রেকর্ড গতি, তিন দিনেই এসেছে ৭ হাজার ৪০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১০ মাস আগে) ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১:২০ অপরাহ্ন

banglahour

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের অর্থনীতিতে স্বস্তির হাওয়া এনে দিয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। চলতি জুন মাসের প্রথম তিন দিনেই (১-৩ জুন) দেশে এসেছে ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা, যা স্থানীয় মুদ্রায় ৭ হাজার ৪২৯ কোটি টাকারও বেশি (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, ঈদের আগে এই বড় অঙ্কের রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তি দিচ্ছে এবং বাজারে সঞ্চার করছে বাড়তি চাহিদা। কুরবানির পশু কেনা, নতুন পোশাক, উপহার ও অন্যান্য খরচের জন্য প্রবাসীরা প্রতিবছরই ঈদের আগে বেশি অর্থ পাঠান। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে সরকারপ্রধান পরিবর্তনের পর থেকেই রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক ইতিবাচক গতি বজায় আছে। সদ্য শেষ হওয়া মে মাসেও এসেছে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এতে স্থানীয় মুদ্রায় এসেছে প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশে এসেছে ২ হাজার ৭৫০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স, যেখানে আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় ৬১৩ কোটি ৩০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে, যা শতকরা হিসেবে প্রায় ২৮.৭ শতাংশ প্রবৃদ্ধি।

এই রেমিট্যান্স প্রবাহ শুধু ঈদ বাজারকেই চাঙা করেনি, বরং সামগ্রিকভাবে অর্থনীতিতে এনে দিচ্ছে স্থিতিশীলতার বার্তা।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯