মার্কিন তুলা ব্যবহার করে তৈরি বাংলাদেশের পোশাক পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত আসছে। একই সঙ্গে বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা (রেসিপ্রোকাল) শুল্কহার বিদ্যমান ২০ শতাংশ থেকে কমানোর বিষয়েও দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে। এসব সুবিধা অন্তর্ভুক্ত করে আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চুক্তি স্বাক্ষরের পর উভয়পক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন শুল্কহার ঘোষণা করবে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধারণা, পাল্টা শুল্কহার ২০ শতাংশ থেকে কমে প্রায় ১৫ শতাংশে নেমে আসতে পারে।
শুল্ক ছাড় পেতে যেসব শর্ত মানছে বাংলাদেশ
বাণিজ্য সচিব জানান, শুল্কহারে ছাড় পেতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একাধিক শর্তে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে,
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধি
ই-কমার্সে পণ্য ও সেবার ওপর শুল্ক আরোপ না করা
মৎস্যপণ্য রপ্তানিতে ভর্তুকি প্রত্যাহার
যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব (আইপি) সংক্রান্ত শর্ত মেনে চলা
ক্স বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সংস্কারে ওয়াশিংটনের প্রস্তাবকে সমর্থন
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার আগে আগামী ৬ জুন টোকিওতে জাপানের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করবে বাংলাদেশ।
ই-কমার্সে স্থায়ী শুল্কমুক্তি চায় যুক্তরাষ্ট্র
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ডব্লিউটিওর বর্তমান নিয়ম অনুযায়ী ই-কমার্সের মাধ্যমে পণ্য ও সেবা আমদানিতে শুল্ক আরোপ স্থগিত রয়েছে, যার মেয়াদ শেষ হবে আগামী মার্চে অনুষ্ঠিতব্য ডব্লিউটিওর ১৪তম মন্ত্রীপর্যায়ের সম্মেলনে।
যুক্তরাষ্ট্র চাইছে, এই শুল্ক স্থগিতাদেশ যেন স্থায়ী হয়। অর্থাৎ অনলাইনে পণ্য বা ডিজিটাল সেবা ডাউনলোডের ক্ষেত্রেও কোনো শুল্ক আরোপ করা যাবে না। মার্চে ক্যামেরুনের ইয়াউন্ডেতে অনুষ্ঠেয় সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান বলেন, ই-কমার্সে স্থায়ী মোরাটোরিয়াম হলে বাংলাদেশের রাজস্ব কিছুটা কমতে পারে। তবে একক ব্যক্তি বা প্রতিষ্ঠান বছরে কত ডলার ব্যয় করতে পারবে,সে বিষয়ে বাংলাদেশ নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবে।
মেধাস্বত্ব আইনে আসছে কড়াকড়ি
মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পেতে বাংলাদেশকে মেধাস্বত্ব অধিকার (আইপিআর) বিষয়ে বড় ধরনের ছাড় দিতে হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের বিদ্যমান প্যাটেন্ট আইনে যে ফ্লেক্সিবিলিটি রয়েছে, যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী তা সংশোধন করে আরও কঠোর করা হতে পারে।
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির গুরুত্ব
ডব্লিউটিওর বিধান অনুযায়ী স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা থাকলেও, যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক এ সুবিধার বাইরে। রানা প্লাজা ট্র্যাজেডির পর ২০১৩ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে এবং পরবর্তীতে তা আর পুনর্বহাল হয়নি।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন,
“যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে তৈরি পোশাক শুল্কমুক্ত সুবিধা পেলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে। এতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়বে, পাশাপাশি আমাদের পোশাক রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।”
পাল্টা শুল্ক কমানোর পটভূমি
গত বছরের জুলাইয়ে ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ প্রায় ৯০টি দেশের ওপর অতিরিক্ত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দেয়। আলোচনার পর তা কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়, যা ১ আগস্ট থেকে কার্যকর হয়।
এরপর বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, ভুট্টা, তুলা, এলএনজি ও বোয়িং উড়োজাহাজসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ধারাবাহিক আলোচনার ফলেই এবার শুল্ক আরও কমানোর পাশাপাশি তুলাভিত্তিক পোশাকে শুল্কমুক্ত সুবিধার পথ খুলছে।
যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ছিল ৮.৬৯ বিলিয়ন ডলার। এর মধ্যে,
ওভেন পোশাক: ৪.৯৫ বিলিয়ন ডলার
নিটওয়্যার: ২.৬০ বিলিয়ন ডলার
হোম টেক্সটাইল: ১৫০ মিলিয়ন ডলার
ক্যাপ: ২৫৯ মিলিয়ন ডলার
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ মিলিয়ন ডলারে, যা আগের বছর ছিল ২৭৮ মিলিয়ন ডলার।
বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন এই বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের তৈরি পোশাক খাত নতুন গতি পাবে এবং যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
