ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে অন্ধকারে রেখেই দেশের সব ব্যাংক থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পরিচালনা পর্ষদের একজন সদস্যের 'জরুরি নির্দেশনায়' গত বৃহস্পতিবার অফিস সময়ের পর ই-মেইলে এই তথ্য চাওয়া হয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই প্রক্রিয়া নিয়ে খোদ ব্যাংকিং খাতে বিস্ময় ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
কী আছে চিঠিতে?
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভিত্তিক সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ও পল্লী ঋণের আসল, সুদ বা মুনাফা এবং বকেয়া স্থিতির তথ্য পাঠাতে হবে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে এই তথ্য ই-মেইলে পাঠানোর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়।
'কিছুই জানি না' বললেন গভর্নর
কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়কে এড়িয়ে এমন তথ্য চাওয়ার বিষয়ে জানতে চাইলে গভর্নর আহসান এইচ মনসুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “ব্যাংকগুলোর কাছে কৃষি ঋণের তথ্য চাওয়া হয়েছে কি না, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখব।”
নেপথ্যে কে?
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, পরিচালনা পর্ষদের একজন সদস্যের চাহিদার পরিপ্রেক্ষিতেই এই তথ্য চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এই নির্দেশদাতা হলেন পর্ষদ সদস্য অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের চেয়ারপারসন। তবে এ বিষয়ে কথা বলতে তাকে একাধিকবার ফোন করা হলেও পাওয়া যায়নি।
নিয়মের ব্যত্যয় ও কর্মকর্তাদের উদ্বেগ
সাধারণত ব্যাংকগুলোর কাছ থেকে কোনো তথ্য চাইতে হলে সংশ্লিষ্ট বিভাগ থেকে নির্বাহী পরিচালক, ডেপুটি গভর্নর এবং প্রয়োজনে গভর্নর পর্যন্ত ফাইল বা নোট উপস্থাপন করা হয়। কিন্তু এবারের ক্ষেত্রে সেই দীর্ঘদিনের রীতিনীতি মানা হয়নি। এমনকি পর্ষদের কোনো বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়নি বলে জানা গেছে।
ব্যাংকারদের প্রতিক্রিয়া ও শঙ্কা:
একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, "খুবই অল্প সময়ের নোটিশে মেইলের মাধ্যমে এই তথ্য চাওয়া হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের স্বাভাবিক পদ্ধতির বাইরে।"
রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের এমডি আশঙ্কা প্রকাশ করে বলেন, "আমাদের এমন হাজার হাজার ক্ষুদ্র ঋণগ্রহীতা আছেন। ঋণের টাকা তো আমানতকারীদের টাকা। এখন যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে ব্যাংকিং খাতের ওপর বড় চাপ তৈরি হবে।"
অন্য এক বেসরকারি ব্যাংকের এমডি সরাসরি সমালোচনা করে বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কোনো সিদ্ধান্ত বা আচরণে অপেশাদারিত্ব ও নির্দিষ্ট রাজনৈতিক ঝোঁক প্রকাশ পাচ্ছে, যা প্রান্তিক কৃষকদের প্রকৃত উপকারের চেয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের পথ তৈরি করতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
