ঈদের দ্বিতীয় দিন আজ দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
রোববার (৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে আরও বলা হয়, দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বর্তমানে খুলনা বিভাগ এবং রাজশাহী, রংপুর ও পঞ্চগড় অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, একই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (৯ জুন) এবং মঙ্গলবার (১০ জুন) দিনের আবহাওয়াতেও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর এখন তুলনামূলকভাবে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
