ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সব স্তরে সরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে- শিল্পমন্ত্রী

জাতীয় |

(৩ বছর আগে) ১০ অক্টোবর ২০২২, সোমবার, ৫:৪৭ অপরাহ্ন

banglahour

বিসিক ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

ঢাকা: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি আজ (১০ অক্টোবর ২০২২) শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর প্রধান কার্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন করেছেন। 

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বিসিক ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং বিসিক চেয়ারম্যান মুহা: মাহবুবর রহমান উপস্থিত ছিলেন।

‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, দেশের সব স্তরের সরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ কর্নারের উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ, তাঁদের নৈতিকতা ও মননশীলতার উন্নয়ন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করা।

মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জানানোর জন্যই এ উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকাণ্ড এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ সৃষ্টির জন্য বিসিকের উদ্যোগে “বঙ্গবন্ধু কর্নার” স্থাপন করা হয়েছে।

শিল্পমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এ দুটি নাম ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশকে জানতে হলে আমাদের অবশ্যই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৃঢ় নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, লাল-সবুজের পতাকা পেয়েছি। এ “বঙ্গবন্ধু কর্নার” এর মাধ্যমে বিসিকের ১ হাজার ৭০০ জন কর্মকর্তা ও কর্মচারী এবং বিসিকের সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে সক্ষম হবে।

উল্লেখ্য, বিসিক ভবনে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’-এ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘জনকের ডাকে জাতির মুক্তি’ শিরোনামে শিল্পকর্ম করা হয়েছে। বিভিন্ন আলোকচিত্রে বঙ্গবন্ধুকে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তি জীবন, রাষ্ট্র পরিচালনা সব পর্যায়ের ফটোবায়োগ্রাফি দিয়ে কেন্দ্রটি সাজানো হয়েছে। এছাড়া সাল অনুযায়ী বঙ্গবন্ধুর জীবন বৃত্তান্ত ছবির সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। 
এছাড়া স্থান পেয়েছে স্বাধীনতা ঘোষণাপত্রসহ এ সংক্রান্ত বিভিন্ন দুর্লভ দলিল, দেশি-বিদেশি পত্রিকায় মুক্তিযুদ্ধ সময়কার প্রকাশিত সংবাদের ছবি ও আলোক চিত্র। আরও রয়েছে বঙ্গবন্ধুর হাতে লেখা বেশ কিছু চিঠি, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বিভিন্ন বই।

পরে শিল্পমন্ত্রী বিসিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিসিক কর্মকর্তা সমিতির নবনির্বাচিত সভাপতি অখিল রঞ্জন তরফদার এবং মহাসচিব জিএম রব্বানি তালুকদারসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বিসিক চেয়ারম্যান মুহা: মাহবুবর রহমান। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯