ঢাকা, ১৪ জুন — চলতি জুন ও আগামী জুলাইয়ের মধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের কাজ শেষ করার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সরকারের সংস্কার কাজ শেষ করতে এক মাসের বেশি সময় লাগার কথা নয় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।
শনিবার (১৪ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সাইফুল হক বলেন, “সরকার সংস্কার প্রক্রিয়ায় অনেক সময় নিয়েছে। আর নয়। আমরা আশা করি, জুলাইয়ের মধ্যেই সব রাজনৈতিক দল ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবে— সেই লক্ষ্যে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে।”
তিনি আরও বলেন, “যেমন আমরা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলাম, তেমনি গত বছরের অভ্যুত্থানে যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচারও হওয়া দরকার। বিচারের কাজ যেন কার্যকর ও দৃশ্যমান হয়।”
আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে সাইফুল হক বলেন, “গত ২১ বছর ধরে আমরা গণতান্ত্রিক আন্দোলন, শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং জাতীয় স্বার্থ রক্ষার লড়াইয়ে ছিলাম। ২০২৩ সালের ২৮ নভেম্বরের ঘটনার পর অনেক দল পিছু হটলেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজপথে ছিল এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানেও সক্রিয় অংশগ্রহণ করেছে।”
তিনি শহীদ নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই অর্জন রক্ষা করতে হবে যেকোনো মূল্যে।” একইসঙ্গে তিনি ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, আনসার আলী দুলাল, বহ্নি শিখা জামালি, আবু হাসান টিপু, আকবর খান, জামিরুল রহমান ডালি ও সাইফুল ইসলাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
