খুলনার ঐতিহ্যবাহী সরকারি বিএল কলেজে একাদশ শ্রেণির সমাজবিজ্ঞান বিষয়ের পরীক্ষায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি সংক্রান্ত প্রশ্ন রাখায় এবং প্রশ্নপত্রে নানা ভুলের কারণে পরীক্ষাটি বাতিল ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (৩ জুলাই) কলেজের একাডেমিক ভবন-১ এ অনুষ্ঠিত হয় একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর প্রশ্নপত্রে ক্রমসংখ্যা বিভ্রাট ও বিতর্কিত বিষয়বস্তু নজরে আসে। সঙ্গে সঙ্গে প্রশ্নপত্র ফেরত নিয়ে পরীক্ষা প্রথমে স্থগিত ও পরে সম্পূর্ণ বাতিল করা হয়।
প্রশ্নপত্রের ৯ নম্বর প্রশ্নে ছিল:জনাব রিয়াজ তার নাতনিকে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি পরিদর্শনে যান। সেখানে একজন মহান নেতার ছবির সামনে দাঁড়িয়ে বলেন, এই ছবিটি আমাদের সেই প্রিয় নেতার, যিনি ১৯৬৬ সালে কিছু দাবি পেশ করেছিলেন। আর এগুলো ছিল আমাদের প্রাণের দাবি, প্রত্যাশিত স্বপ্ন পূরণের চাবিকাঠি।
এর ওপর ভিত্তি করে ৪টি সৃজনশীল প্রশ্ন করা হয়।
পরীক্ষার কক্ষ পরিদর্শক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ জহিরুল ইসলাম জানান:
প্রশ্নের সিরিয়াল ৫, ৬, ১, ২, ৩ – এমন এলোমেলো দেখে প্রথমে সন্দেহ হয়। পরে পূর্ণ প্রশ্ন পড়ে বিতর্কিত অংশ চোখে পড়ে। তাৎক্ষণিকভাবে অধ্যক্ষকে জানানো হলে, তিনি প্রশ্নপত্র সংগ্রহের নির্দেশ দেন।
প্রশ্নপত্র প্রণয়নের দায়িত্বে থাকা সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিত্য রঞ্জন সরকারকে ইতোমধ্যে শোকজ করেছে কলেজ প্রশাসন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ হুমায়ুন কবির বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন শিক্ষক কীভাবে এমন ভুল প্রশ্ন তৈরি করলেন, তা জানতে তাকে শোকজ করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে ইসলামী ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, বিতর্কিত প্রশ্নপত্রের কয়েকটি কপি সংরক্ষণ করা হয়েছে, বাকি কপিগুলো নষ্ট করে ফেলা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
