বাংলাদেশে নিযুক্ত ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ডাশো কার্মা হ্যামু দর্জি বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকার স্টেট গেস্ট হাউজ ‘যমুনা’-তে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ঐতিহাসিক সুসম্পর্কের কথা তুলে ধরে বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতার আরও বিস্তৃত সুযোগ রয়েছে এবং ভুটান যেন বাংলাদেশের বিদ্যমান অবকাঠামোগত সুবিধাসমূহকে সর্বোচ্চভাবে কাজে লাগায়।
রাষ্ট্রদূত ডাশো দর্জি ভুটানের প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত শুভেচ্ছা বার্তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। তিনি বলেন, চিকিৎসা শিক্ষায় ভুটানি শিক্ষার্থীদের সুযোগ, বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।
ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে ভুটানের আগ্রহের কথাও জানান তিনি।
প্রধান উপদেষ্টা এ সময় বলেন, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করা সম্ভব। বিশেষ করে তরুণ প্রজন্মকে পারস্পরিক সফরের মাধ্যমে একে অপরের সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার সুযোগ করে দিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর মূল চেতনা বজায় রেখে তা আরও সক্রিয় ও ফলপ্রসূ করতে আগ্রহী।
প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাঁর মেয়াদকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
