খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে—এই অভিযোগ তুলে দ্রুত ক্লাস ও পরীক্ষা শুরুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অভিভাবকরা।
রবিবার (২০ জুলাই) বেলা ১২টায় কুয়েট প্রশাসনিক ভবনের সামনে কুয়েট গার্ডিয়ান ফোরামের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবকরা, যাঁরা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ বন্ধের কারণে পড়াশোনায় যে চরম বিঘ্ন ঘটছে তা তুলে ধরেন।মানববন্ধনে বক্তৃতা করেন ডা. মোঃ ফররুক আহমেদ, আব্দুল জলিল, মোহাম্মদ এনায়েত করিম, মকবুল হোসেন, মোহাম্মদ নায়েব আলী, সুশান্ত কুমার পাল, রুবাইয়া হিজাজী ও আয়েশা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, ৫ মাস ধরে কুয়েট বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। এতে মানসিক চাপ, হতাশা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে ছাত্রছাত্রীরা। আমরা অভিভাবকরা গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।তারা অবিলম্বে কুয়েট খুলে শিক্ষার্থীদের ক্লাস চালু এবং পূর্বে ঘোষিত ও স্থগিত থাকা পরীক্ষাগুলো গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
