ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের নাম ও তথ্য প্রকাশে গড়িমসি এবং পরীক্ষাসংক্রান্ত হঠাৎ সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মধ্যরাতে শিক্ষা উপদেষ্টার দেওয়া এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা ছিল অপ্রত্যাশিত ও দায়িত্বহীন, যা শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করেছে। তারা ওই ঘটনার দায় স্বীকার করে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং ট্র্যাজেডিতে নিহতদের পূর্ণাঙ্গ ও সঠিক নাম-তালিকা প্রকাশের আহ্বান জানান।
বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী রিশাদুল আলম প্রিন্স, রেদোয়ান ইসলাম তালুকদার, আনাস, সরকারি আনন্দমোহন কলেজের মোহতাসিম রেশাদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সাব্বির আহমেদ শুভ, প্রবাল এবং নটরডেম কলেজ ও ময়মনসিংহ কমার্স কলেজের শিক্ষার্থী আবির।
পরে শিক্ষার্থীরা গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ‘জুলাই চত্বরে’ গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
