কিশোরগঞ্জে ইমরান নামে এক যুবককে হত্যাকাণ্ডের জেরে অভিযুক্তের বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন উত্তেজিত জনতা। এতে বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার প্যাড়াভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্যাড়াভাঙ্গা এলাকার আবুল কালামের কাছে ২ হাজার ৪০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে সোমবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন ইমরান। তিনি মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে। মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডের প্রতিবাদে নতুন জেলখানা মোড়ে মানববন্ধন করেন এলাকাবাসী। এসময় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে অভিযুক্ত আবুল কালামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে তিনটি ঘর পুড়ে যায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি, গ্রেপ্তারও নেই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
