বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার নৌবাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উক্ত নির্বাচনী পর্ষদের মাধ্যমে নৌবাহিনীতে ক্যাপ্টেন হতে কমডোর, কমান্ডার হতে ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট কমান্ডার হতে কমান্ডার এবং বিমান বাহিনীতে গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমডোর, উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার পদে কর্মকর্তাদের পদোন্নতির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ করা হয়।
প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং দেশের সাম্প্রতিক সংকটে সশস্ত্র বাহিনীর অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি নৌ ও বিমান বাহিনীর প্রাকৃতিক দুর্যোগ, আইন-শৃঙ্খলা রক্ষা, সুনীল অর্থনীতি ও শিক্ষাখাতে অবদানের প্রশংসা করেন।
তিনি বলেন, "নৌবাহিনী ও বিমান বাহিনী দেশের গণতান্ত্রিক উত্তরণ, অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে ইতোমধ্যেই গণমানুষের আস্থা অর্জন করেছে।"
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ গুয়েব উপস্থিত থেকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এবং তার নির্দেশনাকে বাহিনীর মনোবল ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির উৎস হিসেবে উল্লেখ করেন।
পরিশেষে, ড. ইউনূস বাহিনী দুটির জন্য দক্ষ, মানবিক, দেশপ্রেমিক ও সৎ নেতৃত্ব নির্বাচনের নির্দেশনা প্রদান করেন এবং নৌ সদর দপ্তরে একটি বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
