গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের হিজলায় র্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
হিজলা উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। র্যালি ও মিছিল শেষে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদারের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদ।
পথসভায় সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, “গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের পতন হয়। স্বৈরাচার খুনি হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আমরা যারা তাদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন করেছি, তাদের স্মরণ করছি শ্রদ্ধার সাথে। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা এখনও আহত রয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।”
তিনি বরিশাল-৪ আসনে সর্বোচ্চ ভোট দিয়ে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এই আসন উপহার দেয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরও উপস্থিত ছিলেন বড়জালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স. ম. হুমায়ূন, সদস্য সচিব আলতাফ সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আসাদুজ্জামান খাঁন সজল, উপজেলা কৃষকদল আহ্বায়ক সম ফারুক, ১ নং যুগ্ম আহ্বায়ক মামুন জমাদার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা খানম, উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
