ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি নয়, জামায়াতের একক প্রার্থী

রাজনীতি | বিশেষ প্রতিনিধি

(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:৫৯ অপরাহ্ন

banglahour

উত্তর-পূর্বাঞ্চলের হাওর জনপদ—অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক মাঠ। বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার পরিস্থিতি ভিন্ন। দলটি প্রকাশ্য রাজনৈতিক চর্চায় না থাকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ছাপিয়ে জামায়াতে ইসলামীর একক প্রার্থী নিয়েই বেশি আলোচনা হচ্ছে।

বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, উঠান বৈঠক, স্থানীয় হাটবাজার ও গ্রাম-গঞ্জে এখন ব্যানার-পোস্টারে সরব হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। দীর্ঘদিনের আওয়ামী আধিপত্য ভেঙে এবার বিএনপি-জামায়াতসহ নানা মতাদর্শের প্রার্থীরা মাঠে সরব।

আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত: অতীত ও বর্তমান প্রেক্ষাপট

১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই আসনে আওয়ামী লীগের প্রয়াত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পরবর্তীতে তাঁর পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক টানা নির্বাচিত হয়ে আসছেন। তবে বিরোধী দলগুলোর ঐক্যহীনতা ও আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির জোরেই এমন আধিপত্য বজায় ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

১৯৭৯ সালে বিএনপির ফরহাদ আহমেদ কাঞ্চন এবং ১৯৮৮ সালে জাতীয় পার্টির আবদুল লতিফ ভূঁইয়া এই আসনে বিজয়ী হন।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী ১১ জন, কিন্তু প্রার্থী কে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী ইতোমধ্যেই প্রচার-প্রচারণায় সরব। তাঁদের মধ্যে রয়েছেন—

অ্যাড. মো. ফজলুর রহমান – চেয়ারপারসনের উপদেষ্টা, প্রখ্যাত বক্তা ও একাধিকবার প্রার্থী। অতীতে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করেছেন।

আব্দুর রহিম মোল্লা – অবসরপ্রাপ্ত জেলা প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা। ছাত্রদল প্রতিষ্ঠার সময় থেকেই যুক্ত ছিলেন বিএনপির রাজনীতিতে।

সুরঞ্জন ঘোষ – হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। দলীয়ভাবে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট ব্যাংককে টানার দাবিদার।

ডা. ফেরদৌস আহমেদ লাকী, অ্যাড. আমিনুল ইসলাম রতন, জহির উদ্দিন ভূঁইয়া, মো. হাফিজুল্লাহ হিরা, প্রকৌশলী মো. নেছার উদ্দিন, সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, এড. জাহিদুল আলম জাহাঙ্গীর প্রমুখ নেতারাও দৌড়ে আছেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের ঘনিষ্ঠতা বিবেচনায় অ্যাড. ফজলুর রহমানকে অনেকেই এগিয়ে ভাবলেও তাঁর সাম্প্রতিক বিতর্কিত বক্তব্য নিয়ে দলের ভেতরেই মতভেদ রয়েছে।

জামায়াত একক প্রার্থী ঘোষণা করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামি ইতোমধ্যে তাদের একক প্রার্থী ঘোষণা করেছে—
অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজা, যিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এবং বর্তমানে দলটির ঢাকা উত্তর শাখার আইন বিভাগের সেক্রেটারি।
যদিও তিনি নির্বাচন প্রসঙ্গে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে স্থানীয়ভাবে তাঁর পক্ষে জামায়াতের তৃণমূল সংগঠন সক্রিয় প্রচারণায় রয়েছে।

অন্যান্য দলের প্রার্থীতার সম্ভাবনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়নপ্রত্যাশী:

অ্যাড. বিল্লাল আহমেদ মজুমদার (সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল)

হাফেজ মাওলানা আহসানুল্লাহ

খেলাফত মজলিস: মনোনীত প্রার্থী মাওলানা অলিউর রহমান (জেলা অর্থ সম্পাদক)

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি): মো. শাখাওয়াত হোসেন খান (জেলা উদীচীর সভাপতি)

স্বতন্ত্র প্রার্থী:

ডা. শাহীন রেজা চৌধুরী, খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ও সমাজসেবক। হাওরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ‘আলোকিত হাওর’ কর্মসূচির মাধ্যমে পরিচিত।

ভোটার প্রোফাইল:

কিশোরগঞ্জ-৪ আসনের মোট ভোটার সংখ্যা: ৩,১০,৩৬২ জন

উপজেলামোট ভোটারপুরুষ ভোটারমহিলা ভোটারতৃতীয় লিঙ্গ
অষ্টগ্রাম৮৫,৮৭৩৪২,৫৮৩৪৩,২৯০০
মিঠামইন৭২,২৯২৩৬,৮৮৯৩৬,৪১৩০
ইটনা১,৫২,১৯৭৭৮,৮৯৮৭৩,২৯৯১

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ-৪ আসনে এবার দলীয় ঐক্যের অভাব বিএনপিকে প্রার্থী বাছাইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলছে। আওয়ামী লীগ এখনো কোনো প্রতিদ্বন্দ্বী তেমনভাবে ঘোষণা না করলেও জামায়াত, ইসলামী আন্দোলন, স্বতন্ত্রসহ বহু প্রার্থী ইতোমধ্যে মাঠে।

এই আসনে বিএনপি একক প্রার্থী দিতে না পারলে বা ঐক্য গড়তে ব্যর্থ হলে, জামায়াতের মতো সংগঠিত দল ফায়দা তুলে নিতে পারে বলেই স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম